ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক এক

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক এক

ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত সোমবার রাত সাড়ে ১১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাদক কারবারি শিল্পীর মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু কোতয়ালী থানার কুঠিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা। তার বাবার নাম বাবলু কসাই।

ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ পুলিশের ফরিদপুর জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় শিল্পীর জামাই মো. নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত