ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চবিতে বন্যপ্রাণী উৎসব

চবিতে বন্যপ্রাণী উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্যপ্রাণী দিবস উপলক্ষে চবি প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ডস ক্লাবের উদ্যোগে বন্যপ্রাণী উৎসব গতকাল মঙ্গলবার চবি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১০.৩০টায় এ উপলক্ষে চবি জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‍্যালি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য উদাহরণ। এ ক্যাম্পাসে হরেক রকমের বন্যপ্রাণী রয়েছে। ক্যাম্পাসে বন্যপ্রাণীর অভয়ারণ্য টিকিয়ে রাখতে আমাদের সবার আরও যত্নবান হওয়া উচিত। উপাচার্য বেশি বেশি উপকারী গাছ লাগানোর আহ্বান জানান। তিনি ক্যাম্পাসের সৌন্দর্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য টিকিয়ে রাখার ক্ষেত্রে গবেষণার প্রতি উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

এবারের বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য হলো ‘ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ : স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ’। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চবি প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর ড. মো. ফরিদ আহসান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী ধরনের এবং কী পরিমাণ বন্যপ্রাণী রয়েছে এবং সেগুলোর উপকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বন্যপ্রাণী দিবসের গুরুত্ব এবং চবি বার্ডস ক্লাব সম্পর্কে বর্ণনা করেন। অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অতিথিদের গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে চবি ক্যাম্পাসের বন্যপ্রাণী নিয়ে চবি প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর ড. মো. ফরিদ আহসান রচিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উভচর ও সরিসৃপ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার্ডস ক্লাবের সহ-সভাপতি ড. গোলাম শফিক ও চিটাগং বার্ডস ক্লাবের উপদেষ্টা ডা. মহিউদ্দিন সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি বার্ডস ক্লাবের উপদেষ্টা ও চবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাইফুল ইসলাম ও সাবরিনা সুলতানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত