
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাদ্দাম মিয়া নামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে অদ্ভুত আকৃতির মেটে আলু। দেখতে হুবহু মানুষের হাত ও পায়ের আকৃতির। তাই অনেকেই মনে করছেন এটি প্রকৃতির এক বিরল সৃষ্টি। বিষয়টি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, কৌতূহলী মানুষের মধ্যে চাঞ্চলের দেখা দেয়।
ঘটনাটি ঘটে, গত রোববার উপজেলার কালিয়ারছিড়া গ্রামের সাদ্দাম মিয়ার বাড়ির উঠানে। তিনি মাটি কাটার সময় হঠাৎ কোদালে বড় কিছুতে আঘাত লাগা বুঝতে পারেন। পরে দুই হাত দিয়ে টেনে তুলতেই তার হাতে উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের অদ্ভুত আকৃতির এই মেটে আলুটি। আলুটির আকার এতটাই বিশাল এবং গঠন এতটাই ব্যতিক্রমী যে প্রথম দেখাতেই তিনি হতবাক হয়ে যান। পরে তিনি বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।
ঘটনার পর সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার কৃষক সাদ্দাম মিয়া বলেন, এই ব্যতিক্রমী আলু পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত এবং কিছুটা বিস্মিতও। আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাদের উঠানের মাটিতে এমন কিছু থাকতে পারে। আলুটির আকৃতি দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই এসে দেখার পর বুঝলাম এটি সত্যিই এক ধরনের প্রকৃতির বিস্ময়। স্থানীয়রা জানান, আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুলের মতো, আবার কিছু অংশ পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এই অস্বাভাবিক গঠনের কারণে অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল সৃষ্টি বলে মনে করছেন। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবীর বলেন, এই জাতের আলুর নির্দিষ্ট আকার থাকে না। তাই মাটির গঠন, আর্দ্রতা ও দীর্ঘসময়ের বৃদ্ধির কারণে মেটে আলুর অস্বাভাবিক বৃদ্ধি ও আকৃতিগত পরিবর্তন হয়ে থাকতে পারে।