
নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। গত সোমবার রাত ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
আটক তিন শিশুদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান, ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে মো. সাজ্জাদ এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশঁতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির।
পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন হতে আনুমানিক ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।
আটককৃত শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রতিক্রিয়া মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।