
নওগাঁর মান্দায় মুসফিকুর রহমান মৌসুম নামে এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার কানার মোড়ে অভিযান চালিয়ে একটি মুদি দোকান থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মৈনম ফকির পাড়ার মৃত জিল্লুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের কাছে কয়েক দিন আগে একটি তথ্য আসে মান্দার কানার মোড়ে মুদি দোকানে বসে অনলাইনে জুয়া পরিচালনা করেন। তিনি কিশোর ও তরুণদের সহজেই অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করছিলেন এবং পাশাপাশি উঠতি বয়সী কিশোরদের অনলাইন জুয়ার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করেন।
গত সোমবার রাত ৯টার দিকে এ সময় তিনি মুদি দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলায় সরাসরি জড়িত অবস্থায় হাতেনাতে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একাধিক অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার বিস্তারিত তথ্য, আর্থিক লেনদেনের প্রমাণ এবং অন্য ব্যক্তিদের নামে জুয়ার অ্যাকাউন্ট খোলার তথ্য উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- বর্তমান সরকার অনলাইন জুয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছে। তার প্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশ অনলাইন জুয়া সংশ্লিষ্ট এজেন্ট ও চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করবে।