ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি

ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি

যশোর শহরের শংকরপুর এলাকার ব্যবসায়ী ও আর আর মেডিকেলের মালিক জাহাঙ্গীর আলম শাহীন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে অপহৃতের পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগও দেয়া হয়েছে। অপহৃত জাহাঙ্গীর আলম শাহীন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মরহুম লুৎফর রহমান মাস্টারের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলম শাহীন মোটরসাইকেলযোগে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধর্মতলার বাসার উদ্দেশে রওনা হন। পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণকারীরা তাকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অপহরণের পর একটি অজ্ঞাত নম্বর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত