ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিআরটিএর অতিরিক্ত পরিচালক পলাশ খিসা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিআরটিএর এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের শূন্যতা কখনই পূরণ করা সম্ভব নয়, তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা করা হয়েছে। বক্তারা মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সড়কে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ জন ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে মোট ১ কোটি ৯৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। প্রশাসন ও বিআরটিএর এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত