
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) এর জেনারেল ম্যানেজার (জিএম, পূর্ব) এর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা গতকাল সোমবার সকাল ১১টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং চাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপাচার্য সবার সঙ্গে পরিচিত হন এবং শাটল ট্রেনের যাবতীয় বিষয়ে প্রতিনিধিদল থেকে খোঁজখবর নেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে শাটল ট্রেন। বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী ট্রেনে যাতায়াত করেন। শাটল ট্রেনের যাতায়াত সহজ, আরামদায়ক এবং স্বস্তিদায়ক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন উপাচার্য। এছাড়া শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক বিদ্যমান জটিলতা কাটিয়ে উঠতে দ্রত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। উপাচার্য শাটল ট্রেনে কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ জানান।
এসময় শাটল ট্রেনের বিভিন্ন বিষয় তুলে ধরেন চাকসুর প্রতিনিধিরা এবং প্রয়োজনীয় মতামত পেশ করেন।