
ফরিদপুরের নগরকান্দায় গুজবের জেরে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলেমার দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মঙ্গলবার বোয়ালমারী উপজেলা প্রশাসন শিশুটির বাড়ি সাতৈর গ্রামে গিয়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও খেলনা পৌঁছে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশুটির লালন-পালন ও শিক্ষার দায়িত্ব নিতে প্রশাসনকে বলা হয়। মুসলেমার ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তায় না পড়ে, সরকার সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে, বলেন ইউএনও।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বোস, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম ও সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানও নিয়মিত সহায়তার আশ্বাস দেন।
গত ১ মে রাতে নগরকান্দার বিলনালিয়ায় ‘ট্রাক ২০ জনকে চাপা দিয়েছে’ গুজব ছড়ালে উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে হত্যা করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরকান্দা থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।