
নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলেন, এজেন্ট মো. আবুল হাসান (২৯) ও তার সহযোগী মো. সাকিব হোসেন (২৩)। গত সোমবার রাত ১০টা ৫০ মিনিটে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। র্যাব জানায়, মোবাইল ফোনের সাইবার স্পেস ও বিভিন্ন অনলাইন পোর্টাল ব্যবহার করে সদর থানার বিভিন্ন এলাকায় জুয়ার বিস্তার ঘটছিল। এতে স্থানীয়দের জনজীবন ব্যাহত হচ্ছিল এবং জুয়ায় আর্থিক ক্ষতির কারণে অনেকেই চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়। র্যাব-১১ সিপিসি-১ কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।