
নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) দীর্ঘদিনের জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট কাটাতে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে জেলা পরিষদ। জনস্বার্থ রক্ষায় এবং সাধারণ রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০০ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ডোজগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরীতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে না থাকায় প্রতিনিয়ত বাড়ছে কুকুরের আক্রমণের ঘটনা। বিশেষ করে শিশু ও পথচারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। এর ফলে প্রতিদিনই হাসপাতালে আসছেন নতুন রোগী। কিন্তু ভ্যাকসিনের ঘাটতির কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনের স্বল্পতা ছিল। বিষয়টি আমাদের নজরে আসার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। জনস্বার্থ বিবেচনায় জেলা পরিষদের পক্ষ থেকে ৫০০ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
আশা করছি, এতে সাময়িক সংকট কেটে যাবে এবং রোগীরা সহজেই চিকিৎসা পাবেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা সময়মতো চিকিৎসা না নিলে প্রাণঘাতী হতে পারে। তাই কুকুরের কামড় বা আঁচড়ের পর দ্রুত ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি।