
নগরবাসীর জন্য নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার (ডব্লিউটিপি) স্থাপনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সম্ভাব্য পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় নগরীর ক্রমবর্ধমান পানির চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। তবে নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বেড়ে দৈনিক প্রায় ৫১ দশমিক ২ কোটি লিটারে পৌঁছাতে পারে।
এ প্রেক্ষাপটে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘দ্রুত বর্ধনশীল এই নগরীর ভবিষ্যৎ পানি চাহিদা বিবেচনায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
আধুনিক পানি শোধনাগার স্থাপনের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন নগর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়েও প্রাথমিক মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং ভবিষ্যতের চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি তৈরি হবে।