ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাঁশগাড়ী বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উদযাপন

বাঁশগাড়ী বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উদযাপন

স্মৃতির টানে, প্রাণের টানে নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী বাঁশগাড়ী ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর শৈশবের স্মৃতি ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসার টানে বিভিন্ন ব্যাচের শত শত প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। অনুষ্ঠানে মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

তিনি তার বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞানার্জনের কেন্দ্র নয়, এটি একজন মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনের ভিত্তি। বাঁশগাড়ী ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ৮৭ বছর ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। তিনি বিদ্যালয়ের ঐতিহ্য ও সাফল্যের ভূয়সী প্রশংসা করে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল ফারুক। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষিত নাগরিকদের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ গৌরবময় ইতিহাস, শিক্ষা বিস্তারে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত