
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সতি নদী থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার হররাম পূর্বপাড়া গ্রামের নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি। নিহত শিশু বর্মন (৫০) ওই এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার সকালে ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফেরননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এদিন সকালে সতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।