
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের মধ্যে ৬১টি চেকের মাধ্যমে মোট ২ কোটি ৫৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলী, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা গুরুতর আহত হলে পরিবারটি দীর্ঘমেয়াদি আর্থিক সংকটে পড়ে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএর আর্থিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বিআরটিএ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর আহত ব্যক্তিদের আহতের ধরন ও অবস্থার ওপর ভিত্তি করে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। চেক গ্রহণের সময় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও বিআরটিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।