ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকমুক্ত সমাজ গঠনে আন্তরিকভাবে কাজ করতে হবে

মাদকমুক্ত সমাজ গঠনে আন্তরিকভাবে কাজ করতে হবে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন। গত সোমবার রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। তিনি শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীনকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া উল্লেখযোগ্য কর্মদক্ষতার জন্য জেলার বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখা পুলিশ সদস্যদেরও সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সবাইকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সবাই সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি জনবান্ধব পুলিশিং জোরদার, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ও শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি নবজ্যোতি খীসা বক্তব্য রাখেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত