
কুমিল্লার দাউদকান্দিতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বাবদ কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে জনপ্রতি ২০ কেজি সার ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করেছে। দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ মাহমুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়েছে।