ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার চার

উখিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার চার

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক ব্যবসার বিরোধে দুপক্ষের গোলাগুলির ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার রাত তিনটার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সালামের তিন ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না, আরফাত হোসাইন ওরফে জিসান ও আবু তাহের । অপরজন একই এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান। তাদের মধ্যে মুন্না তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

এসআরবির সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গত ১১ নভেম্বর বেলা পৌনে তিনটার দিকে পালংখালীর বটতলী বাজার এলাকায় স্থানীয় বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার পর অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবির সদস্যরা। তিনি বলেন, ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-২ এর সদস্যরা বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টা করলে সীমান্তবর্তী ধানখেত ও জলাশয় থেকে মুন্না, জিসান ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে বিজিবির একটি দলের সঙ্গে যৌথ অভিযানে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, গোলাগুলির ঘটনায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম গোলাম কিবরিয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত