
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ এবং প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক কামাল গোলদার, কোস্ট ফাউন্ডেশনের রাশেদা বেগম, সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমির হোসেন এবং উপজেলা বিজেপি নেতা ছালাহ উদ্দিন মুরাদ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার অধ্যায়। ওই প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা আজও উপকূলবাসীর স্মৃতিতে অমলিন। নতুন প্রজন্মের কাছে এ ভয়াবহ ইতিহাস তুলে ধরা এবং উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি।