ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চান্দিনায় বৃষ্টিতে ভেসে গেছে সবজি চাষিদের স্বপ্ন

চান্দিনায় বৃষ্টিতে ভেসে গেছে সবজি চাষিদের স্বপ্ন

কুমিল্লার চান্দিনা উপজেলা যেন সবুজের এক বিশাল ক্যানভাস। বছরের এই সময়টাতে মাঠের পর মাঠ জুড়ে শীতকালীন সবজির সমারোহে মুখর থাকে জনপদ। চলতি মৌসুমেও সেই চিরচেনা রূপের ব্যতিক্রম ছিল না; বরং অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি আগ্রহ ও প্রত্যাশা নিয়ে সবজির আবাদ করেছিলেন এখানকার কৃষকেরা। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া আকস্মিক ও প্রবল বর্ষণ মুহূর্তেই সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। প্রকৃতির এই নির্মম খেয়ালে আজ দিশেহারা চান্দিনার সবজি চাষিরা, তাদের চোখেমুখে কেবলই অনিশ্চয়তা আর হতাশার ছাপ। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর চান্দিনায় শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৭৫৫ মেট্রিকটন। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে ১ হাজার ৩৩০ হেক্টর জমি থেকে সবজি সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ২৫৮ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। মাঠের সবুজ চারাগুলো যখন ধীরে ধীরে বেড়ে উঠছিল এবং অনেক ক্ষেতে ফসল বিক্রির উপযোগী হয়ে উঠছিল, ঠিক তখনই হানা দেয় প্রাকৃতিক দুর্যোগ। টানা ও ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার নিচু ও মাঝারি উঁচু সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অনেক জমিতে হাঁটু সমান পানি জমে যাওয়ায় শিকড় পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে গাছগুলোর। দুর্যোগের এই করাল গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক ও মাঝারি চাষিরা। বিক্রির ঠিক আগমুহূর্তে ফসল হাতছাড়া হয়ে যাওয়ায় অনেক কৃষক এখন বাকরুদ্ধ। মেহার গ্রামের সবজি চাষি জসীমউদ্দিন তাদেরই একজন। ৩০ শতাংশ জমিতে পরম যত্নে ফুলকপির আবাদ করেছিলেন তিনি। ফলনও ছিল আশাব্যঞ্জক। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে তার পুরো ক্ষেত পানিতে থইথই করছে। অসহায় কণ্ঠে জসীমউদ্দিন বলেন, ৩০ শতাংশ জায়গাতে আমি ফুলকপি চাষ করেছি, এখন বৃষ্টির কারণে আমার খেতে পানি জমে গেছে, আল্লাহ ভালো জানে আমার কী হয় উপায়। চান্দিনা উপজেলার মধ্যে দোবাড়িয়া গ্রাম সবজি চাষের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে সারা বছরই চলে নানা পদের সবজির আবাদ। চলতি মৌসুমেও দোবাড়িয়ার কৃষকেরা লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটিয়ে শীতকালীন সবজি লাগিয়েছিলেন। বুকভরা আশা ছিল, মৌসুমের শুরুতে ভালো দামে সবজি বিক্রি করে ধারদেনা শোধ করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় পুরো মাঠ এখন পানির নিচে।

খেতের ফসল বাঁচাতে শেষ সম্বলটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দোবাড়িয়ার কৃষকেরা। কেউ কোদাল হাতে ক্ষেতের আইল কেটে পানি সরানোর প্রাণান্ত চেষ্টা করছেন, আবার কেউবা কোথাও ছোট ছোট শ্যালো টিউবওয়েল মেশিন বসিয়ে দিনরাত পানি সেচে ফসল রক্ষার মরিয়া লড়াই চালাচ্ছেন। তবুও প্রকৃতির শক্তির কাছে যেন হার মানতে হচ্ছে তাদের শ্রম ও ঘাম। দোবাড়িয়া গ্রামের কৃষক বিল্লাল হোসেনের কণ্ঠে ঝরে পড়ে চরম উৎকণ্ঠা। তিনি বলেন, আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আল্লাহ যদি আমাদের রক্ষা না করেন আমাদের বাঁচার কোনো পথ নেই; আমরা বহু টাকা ধারদেনা করে সবজির চাষ করেছি।

মহাজনের দাদন, এনজিওর কিস্তি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে নেওয়া ঋণের বোঝা মাথায় নিয়ে যে কৃষকেরা মাটিতে সোনা ফলানোর স্বপ্ন দেখেছিলেন, আজ তাদের সেই স্বপ্ন জলাবদ্ধতার অতলে তলিয়ে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি বিভাগ ও প্রশাসনের সহায়তার হাত না বাড়ানো হলে এই ক্ষতি কাটিয়ে ওঠা অনেক চাষির পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘূর্ণিঝড় আকভানের রেখে যাওয়া এই জলাবদ্ধতা তাই শুধু ফসলেরই নয়, বরং চান্দিনার সবজি চাষিদের জীবিকা ও ভবিষ্যতের ওপর এক গভীর কালো মেঘ হয়ে নেমে এসেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত