ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান পলাশ, মেজর সাঈদ (সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি), ম. ম. ইলিয়াস (সাবেক সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি), গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক শামীম শিবলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম ভূঁইয়া এবং বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বাঞ্ছারামপুরের শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বাঞ্ছারামপুরকে শিক্ষা ক্ষেত্রে সারাদেশে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

জোনায়েদ সাকি আরো বলেন, শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, সুন্দর শিক্ষার পরিবেশ এবং আধুনিক ও কার্যকর পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। শিক্ষার অগ্রগতিতে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাঞ্ছারামপুরের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সভায় উপজেলার ৪০ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতির কার্যকারিতা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষকদের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পাঠদানে নতুন কৌশল প্রয়োগ এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টায় বাঞ্ছারামপুরের মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত