ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙা ঘরেই জীবনযুদ্ধ ইন্দ্রজিৎ দম্পতির

ভাঙা ঘরেই জীবনযুদ্ধ ইন্দ্রজিৎ দম্পতির

একসময় গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে চলত সংসার। শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি পাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শেষ বয়সে এসে সেই মানুষটিকেই দিন কাটাতে হচ্ছে চরম অভাব-অনটন আর মানবেতর পরিবেশে। থাকার মতো নেই নিরাপদ ঘর, নেই নিয়মিত আয়ের কোনো উৎস। ভাঙাচোরা টিনের ঘরের ওপর পলিথিন টাঙিয়ে স্ত্রীকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন ৭০ বছর বয়সী ইন্দ্রজিৎ দে। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া— মৃত্যুর আগে যেন মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় পান।

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের প্রয়াত জিতেন্দ্রনাথ দের ছেলে ইন্দ্রজিৎ দে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় পড়াশোনা শেষ করেও জোটেনি কোনো চাকরি। জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করেন। এ সামান্য আয় দিয়েই চলত তার সংসার। বাবা-মায়ের মৃত্যুর পর বাবার রেখে যাওয়া সামান্য জমির ওপর একটি খুপরিঘরেই স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের হাতে তুলে দেওয়ার পর মেয়েটি স্বামীর সংসারে ভালোই আছেন। তবে বয়সের ভারে এখন আর আগের মতো বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব হয় না ইন্দ্রজিৎ দের। শারীরিক অসুস্থতার কারণে অন্য কোনো কাজ করেও জীবিকা নির্বাহ করার সামর্থ্য নেই তার। বর্তমানে বাবার রেখে যাওয়া সামান্য জমিতে থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তার আয়ের একমাত্র অবলম্বন। মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির লোকজন মাঝেমধ্যে চাল-ডাল ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। সেই সহযোগিতায় কোনো রকমে চলে স্বামী-স্ত্রীর সংসার। অনেক সময় অর্ধাহারে-অনাহারেও দিন কাটাতে হয় তাদের।

ইন্দ্রজিৎ দের বসতঘরের অবস্থা অত্যন্ত করুণ। ভাঙাচোরা টিনের চাল ও বেড়ার ওপর পলিথিন টাঙিয়ে রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন তারা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনের বেলাতেও ঘরের ভেতর পর্যাপ্ত আলো প্রবেশ করে না। ফলে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে চলাফেরা করতে হয়। একসময় ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানান তিনি। সরেজমিন কুমিয়ান গ্রামের তার বাড়িতে গিয়ে দেখা যায়, বসবাসের অনুপযোগী প্রায় ভেঙে পড়া ঘরটিতে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। ঘরের চালের বিভিন্ন অংশ ভাঙা, কোথাও টিনের পরিবর্তে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের ভেতরে নেই স্বাভাবিক বসবাসের পরিবেশ। সামান্য ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগে ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের জীবনের দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইন্দ্রজিৎ দে। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। কয়েকটি সুপারি বিক্রি করে পাওয়া সামান্য টাকা দিয়ে কিছু ওষুধ কিনেছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারলেও আগের মতো কাজ করার শক্তি নেই। একসময় বেশ কিছুদিন তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছে। তার স্ত্রী ঝর্ণা রানী পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি গ্রামের বাসিন্দা। বয়স হলেও তার শরীরে এখনও কিছুটা শক্তি-সামর্থ্য রয়েছে। কিন্তু সংসারে অভাব থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনের ন্যূনতম চাহিদা পূরণ করাও তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। শাখা সঙ্গ দিয়ে মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের দুঃখ-কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন তিনি।

ইন্দ্রজিৎ দে আক্ষেপ করে বলেন, সারা জীবন মানুষের সন্তানদের পড়িয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এখন বয়স হয়েছে, শরীরে আর শক্তি নেই। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। থাকার ঘরটিও ভেঙে গেছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম। একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা— জীবনের শেষ বয়সে এসে ইন্দ্রজিৎ দে ও তার স্ত্রীর চাওয়া এখন এতটুকুই। সমাজের বিত্তবান, মানবিক ও সচেতন ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাদের আকুল আবেদন, অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে তাদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হোক। জীবনের শেষ দিনগুলো যেন অন্তত একটু স্বস্তি ও নিরাপত্তার মধ্যে কাটাতে পারেন তারা এটাই তার জীবনের শেষ চাওয়া বলে জানান ইন্দ্রজিৎ দে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার জানান, এ ব্যাপারে অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত