
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কের মোড়, জনবহুল এলাকা ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে তাঁরা দায়িত্ব পালন করছেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে আনসার সদস্যরা একত্রিত হন। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন। ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনাগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় তাঁদের নিয়োজিত করা হয়েছে।
জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।