ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা ভোটারদের আশ্বস্ত করতে হবে

পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা ভোটারদের আশ্বস্ত করতে হবে

সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলে ভোটার কাকে বা কোন প্রতীকে ভোট দিয়েছেন, তা জানা সম্ভব নয়। কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিলে সেই গোপনীয়তা রক্ষা পাবে কি না, তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন অনেক ভোটদাতা। এর কারণ, ভোটারকে পোস্টাল ব্যালটের হলুদ খামের ভেতর নির্বাচন কমিশনের (ইসি) কাছে ঘোষণাপত্র পাঠাতে হয়েছে। সেখানে ব্যালট পেপার অনুযায়ী ক্রমিক নম্বর, নিজের নাম ও এনআইডি নম্বর দিতে হয়েছে।

ভোটদাতাদের আশঙ্কা, তা দেখে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা সহজেই জেনে যাবেন যে কোন ভোটদাতা কোন প্রতীকে ভোট দিয়েছেন। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী ভোটদাতা। প্রকাশিত তথ্যে জানা যায়, প্রবাসী ভোটারদের ঠিকানায় ৭ লাখ ৬৬ হাজারের কিছু বেশি ব্যালট পাঠানো হয়েছিল। এরই মধ্যে দেড় লাখের কিছু বেশি ভোটার তাদের ব্যালট পেপার ফেরত পাঠিয়েছেন।

যারা ভোট প্রদান করেছেন বা ব্যালট পেপার ফেরত পাঠিয়েছেন, তাদের অনেকেই এখন এক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছেন। কেউ কেউ বলছেন, প্রথমে না ভাবলেও এখন ভাবতে হচ্ছে। কারণ যদি প্রকাশিত হয়ে যায় তিনি কাকে ভোট দিয়েছেন, তাহলে তার ও তার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। তবে ইসির দাবি, পোস্টাল ব্যালটের খাম সবার (রিটার্নিং অফিসার ও পোলিং এজেন্ট) সামনে খোলা হবে এবং ব্যালট আলাদা করে গণনা করা হবে।

প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করা হলে গোপনীয়তা রক্ষা পাওয়ার কথা। কিন্তু অনেকেরই ভাবনা, আইনি নিশ্চয়তার চেয়ে বাস্তব প্রয়োগ কতটা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে, তা স্পষ্ট নয়। গোপন ভোট কেবল নিয়মের বিষয় নয়, এটি ভোটারের ভয়মুক্ত রাজনৈতিক অধিকারের বিষয়।

শুধু দেশের বাইরের ভোটাররাই নন, দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তি, যারা এবার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তাদের মধ্যেও একই ধরনের শঙ্কা কাজ করছে। সে জন্য অনেকে পোস্টাল ব্যালটে নিবন্ধনই করেননি। তাদের ভাষ্য, ভোট দিতে গেলে ভোটারের নামণ্ডপরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তাদের ধারণা, নির্বাচন-পরবর্তীকালে কর্মজীবন ও ব্যক্তিজীবনে তা ক্ষতির কারণ হতে পারে।

ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচনে ভোটগ্রহণ, নিরাপত্তাসহ নানাভাবে নির্বাচনি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন মোট ১৬ লাখ ৮২ হাজার ৩৪২ জন। কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন। আমরা আশা করি, পোস্টাল ব্যালটে ভোটদাতাদের এই আশঙ্কার দিকটি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত