ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিপদে বানভাসি মানুষ : জরুরি ত্রাণ তৎপরতা কাম্য

বিপদে বানভাসি মানুষ : জরুরি ত্রাণ তৎপরতা কাম্য

টানা এক সপ্তাহের অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের এক বিশাল অংশ আজ পানির নিচে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ভোলা ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। বন্যাকবলিত বিস্তীর্ণ এলাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিতাপের বিষয়, দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া শুকনো খাবার বা ত্রাণসামগ্রী একেবারেই অপ্রতুল। অনেক এলাকায় এক সপ্তাহ পার হলেও মানুষের ভাগ্যে কোনো সরকারি-বেসরকারি সাহায্য জোটেনি।

বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে শুধু খাদ্যের অভাবই একমাত্র সংকট নয়। পানিবন্দি লাখ লাখ মানুষের জন্য এ মুহূর্তে সবচেয়ে বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। চারদিকে থৈ থৈ পানি থাকলেও তা পানের অযোগ্য। রান্নাবান্না বন্ধ থাকায় এবং বিশুদ্ধ পানির অভাবে নারী, শিশু ও বৃদ্ধরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া, জন্ডিস ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আবাসন ও যোগাযোগের ক্ষেত্রেও যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, তা কল্পনাতীত। চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়াসহ বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বাভাবিক মৃত্যু হলেও পারিবারিক কবরস্থানে দাফন করার মতো শুকনো জায়গা মিলছে না। নদীভাঙনে হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে, কালভার্ট ও বেইলি ব্রিজ ধসে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যদিও সেনাবাহিনী এবং কিছু এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন; কিন্তু ক্ষয়ক্ষতির বিশালতার তুলনায় তা অত্যন্ত সীমিত। স্লুইসগেট অবৈধভাবে দখল করে রাখায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই ধারা আরও দুদিন অব্যাহত থাকতে পারে। আমরা মনে করি, বন্যাদুর্গত মানুষের জীবন বাঁচাতে চাল-ডালের পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জীবনরক্ষাকারী জরুরি ওষুধ পৌঁছানো এ মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। তাই কালবিলম্ব না করে সরকারি ও বেসরকারি সব সংস্থাকে একযোগে মাঠে নামতে হবে। বন্যাদুর্গত প্রত্যেক মানুষের কাছে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ পৌঁছে দিয়ে এই মানবিক বিপর্যয় থেকে তাদের রক্ষা করা রাষ্ট্রের পরম দায়িত্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত