
নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত মুনতাসির আকিবের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'চিরকুট' আসছে প্রেক্ষাগৃহে। পরিচালক জানান, আসন্ন পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটি ১৯৯০-এর সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সেই সময়ের ক্যাম্পাস, তারুণ্য, বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও স্মৃতির গল্প উঠে আসছে এ সিনেমায়।
নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীবনযাত্রা পর্দায় তুলে ধরতে সিনেমাটিতে সেই সময়ের পোশাক, ক্যাম্পাসের আবহ এবং দৈনন্দিন জীবনের নানা বিষয় পুনর্নির্মাণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— 'চিরকুট' শুধু একটি ক্যাম্পাসের গল্প নয়, এটি একটি সামাজিক সিনেমা, যেখানে পরিবার, সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব ও মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি গল্প হিসেবেই নির্মাণ করা হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে। চলচ্চিত্রটির চারটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশীষ চক্রবর্তী অভি।