
দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ডেঙ্গুতে ছয়জন এবং হামের উপসর্গে তিনজনের প্রাণহানি ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৫২ জন। এছাড়া হাম শনাক্ত হয়ে ১০৫ জন মারা গেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর বিভাগে একজন করে মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৯, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৪৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৭৬ জন, চট্টগ্রামে ৩১১, সিলেটে ১৪১, বরিশালে ১৫০, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০০, রংপুরে ৩৯ ও রাজশাহীতে ৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু : দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে আরও ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের প্রাণ গেল; যার মধ্যে নভেম্বর মাসের প্রথম দুই দিনেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বছরের সর্বোচ্চ ১৭৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৮৩ জন, চট্টগ্রামে ২৫২ জন, খুলনায় ২৯৪ জন, ময়মনসিংহে ৯৫, রাজশাহী ১৫৩, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৭ জন রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।