
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় এ সমন্বয় করা হয়েছে। এতে বলা হয়, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট আবার চালু হবে। তবে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার কথা ভেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন শুধু দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালিত হবে। অন্যদিকে রিয়াদ রুটের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদগামী যাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছেন। এতে বর্তমানে এ রুটে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। যাত্রী সংকট থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরিচালনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।