
ভারতের দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় 'মুরাসু'। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয় বলে সর্বশেষ খবরে জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাইয়ের স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দরে আসা-যাওয়ার ১১টি ফ্লাইট এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরের ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে দুই বিমানবন্দরে ৩০টি ফ্লাইটের চলাচল বাতিল করা হয়েছে।