
মানবজাতির পার্থিব কল্যাণ ও পরকালীন মুক্তির নিশ্চয়তা দেয় ইসলাম। আর ইসলামে দীক্ষাগ্রহণের প্রবেশদ্বার হলো ঈমান বা বিশ্বাস। ঈমান এমন এক মহিমান্বিত সম্পদ, যা একজন মোমিনের জীবনকে করে সফল ও স্বার্থক। একজন অবিশ্বাসী কাফের ও বিশ্বাসী মোমিনের প্রধান পার্থক্যরেখা ঈমান। ঈমান এক প্রখর জ্যোতি, যা মানুষকে পাশবিকতার স্তর থেকে তুলে এনে মানবত্বের মর্যাদা দান করে। মহিমান্বিত করে আশরাফুল মাখলুকাতের অনন্য মর্যাদায়।
ঈমানের স্তর : ইসলাম এমন এক সামগ্রিক জীবনদর্শন, যা মানবজাতিকে সর্বকালের, সব স্থানের যাবতীয় জিজ্ঞাসা ও সমস্যার যৌক্তিক সমাধান দেয়। ইসলাম প্রচলিত অর্থে কোনো ধর্ম নয়, বরং এটি দ্বীন বা জীবনব্যবস্থা। তাই ইসলামের বিধিবিধান, সৌন্দর্য ও এর আবেদন মানবজীবনের প্রতিটি দিক ও আঙিকে পরিব্যপ্ত। ইসলামি শরিয়া এ সামগ্রিকতা ও পূর্ণাঙ্গতার বিচারে পাঁচটি শাখায় বিন্যস্ত। যথা— ১. ঈমান-আকিদা (বিশ্বাসজাত বিষয়াদি), ২. ইবাদত (চর্চা ও অনুশীলনজাত ইবাদত), ৩. মোআমালা (পারস্পরিক লেনদেন), ৪. মোআশারা (সামাজিক জীবনের নীতিমালা) ৫. আখলাক (চারিত্রিক উৎকর্ষ-বিধান)।
ঈমান সবার আগে : সন্দেহ ও সংশয়ের অবকাশ ছাড়াই নির্দিধায় বলা যায়, ঈমান দ্বীনের সর্বপ্রধান বিষয়। ইসলাম যদি হয় একটি পূর্ণ বিকশিত বৃক্ষ, তবে ঈমান হলো সেই বৃক্ষের শেকড়। শেকড় বিচ্ছিন্ন বৃক্ষের অস্তিত্ব যেমন কল্পনা করা যায় না, ঈমান-আকিদা ছাড়াও দ্বীনকে, দ্বীনের অস্তিত্বকে কল্পনা করা যায় না। ঈমান হলো দ্বীনের সেই ভিত্তিমূল, যার ওপর দাঁড়িয়ে আছে ইসলাম নামক সুরম্য প্রাসাদ। দ্বীন ইসলামে ঈমানের এ অপরিহার্যতার কথা ফুটে ওঠে কোরআনের অসংখ্য আয়াতে।
আল্লাহতায়ালা বলেন, 'যে মোমিন অবস্থায় নেক আমল করল, তাকে আমি উৎকৃষ্ট ও পবিত্র জীবন দান করব এবং তাদের সৎকর্ম অনুযায়ী আমি উত্তম প্রতিদান দেব।' (সুরা নাহল : ৯৭)। এ আয়াতে আল্লাহতায়ালা মোমিনকে পুরস্কার প্রদান ও উত্তম প্রতিদানের বিষয়টি শর্তযুক্ত করেছেন ঈমানের সঙ্গে। অর্থাৎ যদি ঈমানের সঙ্গে নেক আমল করে, তবেই প্রতিদান পাওয়া যাবে। পক্ষান্তরে যদি ঈমান ছাড়া নেক আমল করে, সে ক্ষেত্রে আল্লাহতায়ালা বলেন, 'যারা কুফর অবলম্বন করেছে, তাদের আমলগুলো মরুভূমির মরীচিকার মতো।' (সুরা নুর : ৩৯)। ঈমান এমন মূল্যবান, যার অনুপস্থিতিতে হাজার হাজার ইবাদতও মরীচিকায় পরিণত হয়। তা ছাড়া এসব আমলও হয়ে যায় অর্থহীন। যার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদানও আশা করা যায় না। বরং কোরআনে একে বলা হচ্ছে চূড়ান্ত গোমরাহি বা পথভ্রষ্টতা। আল্লাহতায়ালা বলেন, 'যারা তাদের রবের কুফরি করে, তাদের আমলের দৃষ্টান্ত হলো ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাইকে প্রচণ্ড ঝড়ের দিন তীব্র বাতাস উড়িয়ে নিয়ে যায়। তারা যা উপার্জন করেছে, এর কিছুই পাবে না। বস্তুত এটা চূড়ান্ত ভ্রষ্টতা।' (সুরা ইবরাহিম : ১৮)।