ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি

বললেন রিজভী
আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে দল তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য গত শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আগামীকাল রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। গতকালও অনেকে ফরম জমা দিয়েছেন। রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করে, এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। তারা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন। তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের কঠিন ও দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আমাদেরকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করা উচিত। তিনি আরও বলেন, জনগণ দেখতে চায়- ক্ষমতাসীন দল, সরকারি দল ও বিরোধী দলসহ সবাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করছে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করছে। রিজভী বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তাই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা এবং সমাজে সুনাম থাকা ব্যক্তিদেরই দল বাছাই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত