
দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা প্রদান এবং ডিজিটাল বৈষম্য হ্রাসে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর যে অঙ্গীকার করা হয়েছে, তারই অংশ হিসেবে ইউজিসি এ উদ্যোগ গ্রহণ করেছে।
ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে গতকাল বুধবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেন-এর সিইও মোহাম্মদ তৌরিতসহ ইউজিসি, হিট প্রকল্প এবং বিডিরেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি