ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ছুটির দিনে ঢাকার বাতাসের মান ‘অনেক ভালো’

ছুটির দিনে ঢাকার বাতাসের মান ‘অনেক ভালো’

বছরের বেশিরভাগ সময়ই ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা আরও বাড়ে। এমনকি সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টির পরও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কিছুদিনের দূষণের স্কোর সেরকমই জানাচ্ছে। তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর ঢাকার বাসিন্দাদের জন্য। গতকাল শুক্রবার ছুটির দিনে ঢাকার বাতাসের মান অনেকটাই ভালো।

এদিন বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৮টার সূচক থেকে এ তথ্য জানা গেছে। ১২১টি দেশের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৮টায় তালিকার ৫৯তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৫০। অথচ একদিন আগেও ১৬৬ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছিল ঢাকা।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

গতকাল বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১৭৬)। দূষণের দিক থেকে গতকাল ১৬২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ড্যাকার শহর। অন্যদিকে, গতকাল বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। শহরটির দূষণ স্কোর ৯। গতকাল বায়ুদূষণের শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। এরপর অন্য শহরগুলোর স্কোর যথাক্রমে- মিশরের কায়রো ১৫৫, আফগানিস্তানের কাবুল ১৫১, পাকিস্তানের লাহোর ১৩৭, নেপালের কাঠমান্ডু ১৩৪, সৌদি আরবের রিয়াদ ১২২, চিলির সান্তিয়াগো ১২১ ও ফিলিপাইনের ম্যানিলা ১৫৫। তুলনামূলক ভালো বায়ুমানের এ তালিকায় ক্যানবেরার পরই রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, থাইল্যান্ডের চিয়াং মাই, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যানকুভার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ও কানাডার টরেন্টো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত