
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর জোরদেন তিনি। গতকাল শুক্রবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞানমনষ্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারার জাতি কখনও স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না। বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।