
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের ঘাটতি নেই, মজুত পর্যাপ্ত রয়েছে তবে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জানিয়ে তিনি বলেন, কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি আরও বাড়বে। কৃষিমন্ত্রী বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে মন্ত্রী কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবিত পণ্য ও গবেষণা স্টল পরিদর্শন করেন।
এসময় কৃষি বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরসহ বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।