ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)। এ লক্ষ্য অর্জনে আগামী ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ৩০তম ইউএস ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংগঠনটি।

সোমবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। কামাল বলেন, পুরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগই অর্জিত হবে— এমন দাবি আমরা করছি না। তবে এই ট্রেড শো লক্ষ্য অর্জন সহজ করবে। গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও বিষয়টি তুলে ধরেছিল অ্যামচ্যাম।

অ্যামচ্যাম সভাপতি বলেন, বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। তবে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারের সঙ্গে কাজ করছে অ্যামচ্যাম। শিগগিরই সরকারের কাছ থেকে একটি জ্বালানি রোডম্যাপ পাওয়ার প্রত্যাশা করছে সংগঠনটি। এ ছাড়া ট্রেড শোতে জ্বালানি খাত নিয়ে পৃথক সেমিনারের আয়োজন করা হয়েছে।

কামাল বলেন, সব খাতে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা না করে যেসব খাতে মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বেশি এবং বাংলাদেশে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে, সেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত