
ম্যাচ শেষে ঘটনা খতিয়ে দেখে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, রেফারিদের জড়িয়ে যে ঘটনার আলোচনা উঠেছিল, সেখানে লিওনেল মেসি লিগের কোনো নিয়ম লঙ্ঘন করেননি। তাই ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকাকে কোনো ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষের স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামের লকার রুম এলাকার একটি রুমে মেসিকে ঢুকতে বাধা দিচ্ছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে সুয়ারেজের বাধা এড়িয়ে মেসি ভেতরে যান এবং আট সেকেন্ড পর বেরিয়ে এসে সতীর্থদের সঙ্গে নিজেদের লকার রুমের দিকে চলে যান। তবে এমএলএসের ওই মুখপাত্র ক্রীড়া বিষয়ক আমেরিকান সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে জানিয়েছেন, ভিডিওতে দেখতে পাওয়া দরজাটি রেফারিদের লকার রুমের ছিল না। অর্থাৎ ৩৮ বছর বয়সী মেসি আসলে কোনো সংরক্ষিত এলাকায় (যেখানে খেলোয়াড়দের যাওয়ার অনুমতি নেই) প্রবেশ করেননি। এর আগে ২০২৩ সালে একটি প্লে-অফ ম্যাচ শেষে রেফারিদের লকার রুমে ঢুকে পড়েছিলেন এফসি সিনসিনাটির ডিফেন্ডার ম্যাট মিয়াজগা। তখন তাকে তদন্তের মুখে পড়তে হয়েছিল এবং ‘আচরণবিধি লঙ্ঘনের’ দায়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এমএলএসে রেফারিদের সঙ্গে সম্পর্কিত কোনো কারণে বিশ্বকাপজয়ী মেসি এখন পর্যন্ত কোনো শাস্তির মুখে পড়েননি। তবে গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া, গত মৌসুমে একটি ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখ বা মাথা বা ঘাড় স্পর্শ করা বিষয়ক নিয়ম ভাঙায় তাকে জরিমানাও গুণতে হয়।