
চার ম্যাচের টানা হার, গোল হজমের দুঃসহ স্মৃতি আর পয়েন্ট শূন্য ছিল দল! সব মিলিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে কঠিন সময় পার করছিল বাংলাদেশ। অবশেষে সেই হতাশার ধারায় কিছুটা বিরতি টানলেন আশরাফুল ইসলামরা। চীনের বিপক্ষে আজ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ১-১ গোলের ড্রয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে লাল-সবুজের দল। তবে এই এক পয়েন্টকে নিছক পরিসংখ্যানের অর্জন হিসেবে দেখার সুযোগ নেই।
টানা চার ম্যাচে বড় ব্যবধানে হারের পর অন্তত একটি ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করে মাঠ ছাড়তে পারাটাই বাংলাদেশের জন্য বড় স্বস্তি।
গতকাল সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির ছিল না। খেলার দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে চেন বেনহাইয়ের গোলে এগিয়ে যায় চীন। শুরুতেই পিছিয়ে পড়ে আবারও বড় হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু এবার গল্পটা আগের চার ম্যাচের মতো হয়নি। গোল হজমের পরও লড়াইয়ে ফেরার চেষ্টা চালিয়ে যায় আশরাফুলের দল। প্রথমার্ধে সমতায় ফিরতে না পারলেও বিরতির পর নিজেদের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফুল ইসলাম।
এরপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে টানা চার হারের পর প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
অথচ টুর্নামেন্টে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল একরাশ হতাশা দিয়ে। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয় দলটি। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে লড়াই কিছুটা জমলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হার মানতে হয়। এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে পরিস্থিতি আরও কঠিন করে তোলে বাংলাদেশ।
চার ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র একটি গোল করতে পারলেও হজম করতে হয়েছে ২৫টি গোল। এমন অবস্থায় চীনের বিপক্ষে ড্র বাংলাদেশের জন্য নিঃসন্দেহে মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি উপলক্ষ। যদিও এই ড্রয়ে টুর্নামেন্টের সামগ্রিক চিত্র বদলায়নি। পাঁচ ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে জয়হীনভাবেই রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা পেরোনোর সুযোগও তৈরি হয়নি।
তবে চীনের বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাস কাজে লাগানোর আরেকটি সুযোগ পাচ্ছে দলটি। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আগামী পরশু আবারও চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। লিগ পর্বে যে প্রতিপক্ষের বিপক্ষে প্রথম পয়েন্টের দেখা মিলেছে, শেষ ম্যাচে তাদের হারিয়ে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার সুযোগ থাকছে আশরাফুলদের সামনে!