ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নিউজিল্যান্ডে খেলা হচ্ছে না মারুফার

নিউজিল্যান্ডে খেলা হচ্ছে না মারুফার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের প্রধান ভরসা মারুফা আক্তার। গত কয়েকটি টুর্নামেন্টে নিজের গতি, সুইং আর কার্যকর বোলিংয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের আরও একবার প্রমাণ দেওয়ার অপেক্ষায় থাকা এই পেসারকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে। পুরোনো গোড়ালির চোট নতুন করে ফিরে আসায় আসন্ন নিউজিল্যান্ড সফরে তার খেলা হচ্ছে না বললেই চলে। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দল। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। যদিও এই সফরের জন্য এখনো আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে দলের গুরুত্বপূর্ণ সদস্য মারুফাকে ছাড়াই সফরে যেতে হতে পারে বাংলাদেশকে।

মারুফার অনুপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের বোলিং পরিকল্পনায় প্রভাব ফেলবে। বিশেষ করে নতুন বলে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখা এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে তার কার্যকারিতা দলের জন্য বড় সম্পদ। আইসিসির বিভিন্ন প্রতিযোগিতাসহ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন এই ডানহাতি পেসার। তবে আপাতত তার মাঠে ফেরার চেয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। চোট নিয়ে খেলতে নামলে সমস্যাটি আরও দীর্ঘস্থায়ী হতে পারে, এমন আশঙ্কা থেকেই তাকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না বোর্ড।

ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজে মারুফাকে পাওয়া যাচ্ছে না। দলের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ায় তার ফেরার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বোর্ড। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে আবার জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, মারুফার গোড়ালির পুরোনো ব্যথা আবার ফিরে এসেছে। ভবিষ্যতে যেন এমন সমস্যার পুনরাবৃত্তি না হয়, সে জন্য তাকে প্রয়োজনীয় বিশ্রাম ও পুনর্বাসনের সময় দিতে চায় বিসিবি। সম্পূর্ণ সুস্থ না হয়ে বোলিংয়ে ফিরলে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করাও কঠিন হয়ে পড়তে পারে। মারুফার জন্য তাই আপাতত অপেক্ষার পালা। নিউজিল্যান্ড সফর হাতছাড়া হলেও দীর্ঘমেয়াদে তাকে ফিট রাখাই এখন বড় লক্ষ্য!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত