
সিরাজগঞ্জে এবার মিষ্টি আলু চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ আলু ইতোমধ্যেই হাট বাজারে উঠছে। দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় প্রায় ৫’শ হেক্টর জমিতে এ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এ চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে। গত বছরের চেয়ে এবার এ চাষাবাদ বেশি হয়েছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, প্রতি বছরের ন্যায় এবারো বিশেষ করে জেলার চরাঞ্চলসহ আগাম ও দেশীয় জাতের আলু চাষাবাদ করা হয়েছে। গত অক্টোবর মাস থেকে আগাম জাতের আলুর চারা রোপণ করা হয় এবং নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশি আলুর চারা রোপণ শুরু হয়েছে। এ চাষাবাদে সার ও সেচ তেমন প্রয়োগ করা হয় না। আগাম ও দেশীয় জাতের আলু গত মাসের মাঝামাঝি থেকে উত্তোলন শুরু হয়েছে এবং এ নতুন আলু হাট বাজারে উঠছে। প্রতি কেজি আলু ৩০/৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সাদা ও লাল রঙের মিষ্টি আলুর কদর বেশি। এ আলু প্রতি বিঘায় গড়ে প্রায় ২০/২১ মণ উৎপাদন হয়ে থাকে এবং চরাঞ্চলে এ মিষ্টি আলুর উৎপাদন বেশি হয়। বাজার ভালো থাকায় কৃষকেরা এখন খুশি।
এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা আলোকিত বাংলাদেশকে বলেন, এ চাষাবাদে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ বেশি করেছে কৃষকেরা এবং মিষ্টি আলু চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি বলে তিনি উল্লেখ করেন।