
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, কিশোর গ্যাং, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জারুলতলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, সন্ত্রাস ও দখলদারিত্বের কোনো স্থান বাংলাদেশে থাকবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয়। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও নিরাপদ রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যোগাযোগ ও আবাসন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, শাটল ট্রেনের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি আবাসন সংকট নিরসনে নতুন ১০টি হল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে গতি আনা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটি-২০২৬ এর আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় স্মরণ চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে কাটা পাহাড় সড়ক ও শহীদ মিনার প্রদক্ষিণ করে জারুলতলায় গিয়ে শেষ হয়।
এছাড়া নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা, বউচি, কাবাডি প্রতিযোগিতা ও পুতুল নাচের আয়োজন করা হয়। একই সঙ্গে ছাত্র সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলাও চলছে।