
দলকে সাংগঠনিকভাবে চাঙা করতে যত দ্রুত সম্ভব বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটা জানান তিনি।
এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এরপর প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে রাত ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল জানান, বৈঠকে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিএনপি সরকার গঠনের পর সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এসময়, কবে নাগাদ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে যত দ্রুতই পারা যায় বিএনপি কাউন্সিলের দিকে যাবে।
আবা/এসআর/২৬