
বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় এমন উচ্চমূল্য দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনা হলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ব্যবসায়ী জাকির হোসেন মাছটি কিনে নেন।
মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত কম। সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ছে না। তবে সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া বড় এই ইলিশটি বন্দরে আসতেই সবার নজর কাড়ে এবং নিলামে প্রতিযোগিতা বাড়ে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেড়েছে, ফলে দামও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা জাকির হোসেন বলেন, বৈশাখ ঘিরে বড় ইলিশের চাহিদা বেশি থাকায় সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনেছি। এরইমধ্যে এটি ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে আরও ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, বড় আকারের এ ধরনের ইলিশ সাধারণত ‘রাজা ইলিশ’ বলা হয়। বছরের এই সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে পানির তাপমাত্রাও বাড়ে, যা ইলিশের চলাচল বা মাইগ্রেশনের উপযোগী পরিবেশ তৈরি করে। পাথরঘাটা উপজেলা বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত হওয়ায় এবং এখানে গভীরতা বেশি থাকায় এ সময় বড় আকারের ইলিশ ধরা পড়া স্বাভাবিক ঘটনা। তিনি আরও বলেন, মৌসুমি কারণে সরবরাহ কম থাকলেও চাহিদা বেশি থাকায় বাজারে দামের এমন ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।