
চট্টগ্রামে গ্রেপ্তার এড়াতে একটি ডোবায় লাফ দিয়ে কাদায় আটকে যান মো. রুবেল নামে এক ছিনতাইকারী। এর প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এসময় একটি দোকান থেকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান এবং পরে সেখান থেকে নেমে ডোবায় লাফ দিলে কাদায় কোমর পর্যন্ত আটকে পড়ে তিনি বের হতে পারেননি। একপর্যায়ে তার স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ রয়েছে। পরে রামদা হাতে নিয়ে তিনি পুলিশকে ভয় দেখাতে থাকেন এবং আত্মহত্যার হুমকিও দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে রামদা হাতে থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘ সময় বুঝিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে ডোবা থেকে ওঠানো হয়।
হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গেলে রুবেল পালিয়ে ডোবায় পড়ে যান এবং পরে আত্মহত্যার হুমকি দেন। শেষে পরিবারের মাধ্যমে বোঝানোর পর তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।