ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মানসম্মত জার্নালে প্রকাশনার জন্য ‘টোকেন রিওয়ার্ড’ দেওয়া হবে

বেরোবি উপাচার্য
মানসম্মত জার্নালে প্রকাশনার জন্য ‘টোকেন রিওয়ার্ড’ দেওয়া হবে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সময়োপযোগী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম আরও সুদৃঢ় করা সম্ভব। তিনি বলেন, কিউ-১ বা কিউ-২ পর্যায়ের স্কোপাস ইনডেক্সড জার্নালে বেরোবি গবেষকদের গবেষণাপত্র প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ ‘টোকেন রিওয়ার্ড’ বা আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের তিন (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগের ১ম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকলেও গবেষণার সদিচ্ছার কোনো কমতি নেই। আমাদের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা। উপাচার্য জানান, গবেষণার মান উন্নয়নে মালয়েশিয়াসহ বিভিন্ন বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কো-সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ তৈরি করা হচ্ছে। এছাড়া বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের মতো দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কোলাবরেশনের ওপর তিনি জোর দেন।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং বহিস্থ গবেষক অনলাইনে উপস্থিত ছিলেন। সেমিনারে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত