
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে অবৈধভাবে মাটির উপরিস্তর কাটার অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়, যা দিয়ে বন বিভাগের দাবিকৃত জমি থেকে মাটির উপরিস্তর অপসারণ করা হচ্ছিল। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, বন বিভাগের জমিতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা ভেকুর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।