
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে গেলেও রাতে লোকজনের হাতে আটক হয়েছে অভিযুক্ত পিতা।
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকার ইব্রাহিম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মেহেরা। প্রতিবেশীরা বলেন, সকালে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত বাবা ওসমান গণি তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মামা জাহেদ জানান, সকালে চা নিয়ে সামান্য দেরি হওয়ায় তর্ক শুরু হয়। পরে হঠাৎ করে শিশুটিকে কেড়ে নিয়ে আছাড় দেয় ওসমান।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্ত ওসমান গণি হাটহাজারী আমান বাজার এলাকার লোকজনের হাতে আটক হয়েছে। জানা যায়, আমান বাজার এনায়েত খান বাড়ি এলাকার যুবকরা কেউ কেউ প্রচারিত নিউজের ছবির সঙ্গে তার চেহারার মিল দেখে সন্দেহ করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার পূর্বক থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।