ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু

পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু

জ্বালানি তেলের উপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত রোধে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল’ নামের একটি প্রযুক্তিনির্ভর অ্যাপ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ-র সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ-সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার ফলে একই যানবাহনের বারবার জ্বালানি গ্রহণ বন্ধ হবে, কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমবে এবং জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত