ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুই জেলায় বজ্রপাতে নিহত চার

দুই জেলায় বজ্রপাতে নিহত চার

দুই জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নরসিংদী ও চুয়াডাঙ্গায় বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা : পৃথক দুই স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগর ও দর্শনায় মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন (১৫)। আজিমুদ্দিন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল হোসেন বাড়ির পাশের ঘোষনগর মাঠে কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময় দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের বালিগাদার মাঠে আজিমুদ্দিন তার বাবার জন্য খাবার নিয়ে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বজ্রপাতে রাসেল হোসেনের মৃত্যু হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) ও হাইয়ার পার গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রিজন তার বাড়ির পাশে বসুউল্লাহ মাঠে খেলা করতে গেলে বজ্রপাতে সে মারা যায়। অন্যদিকে হাইয়ার পার এলাকায় শ্মশানের পাশে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত খা নামের কিশোরের মৃত্যু হয়েছে। রিজনের প্রতিবেশী সিফাত বলেন, দুপুর দুইটার দিকে রিজনসহ আরও ৭-৮ জন বসুউল্লা মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রিজন মারা যায়। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আরাফাত খার প্রতিবেশী শামীম মোল্লা বলেন, হাইয়ার পার এলাকার শ্মশানের পাশে বজ্রপাতে জসিম খানের ছেলে আরাফাত খা মারা গেছে। টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ডাবলু বলেন, পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত