
শরীয়তপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলার মোট ১৬৩১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৫৪ হাজার ৭৭৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন। এ সময় জানানো হয় শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৪৫ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে অভিভাবকসহ সবার সচেতনতা ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য।